আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ সেপ্টেম্বর): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংঘটিত নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

অভিযোগের আওতায় থাকা অন্য তিনজন হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়ার পর কমিশন এই কঠোর সিদ্ধান্ত নেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গভীরভাবে খতিয়ে দেখতে এবং প্রকৃত সত্য উদঘাটনে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে গঠিত এই টিমে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন এবং রোমান উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, অনুসন্ধান টিম ইতোমধ্যে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করেছে। অভিযোগের সঙ্গে এই চার কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা কতটুকু, তা যাচাই করে খুব দ্রুতই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ