ইরানে দক্ষিণাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২ সেপ্টেম্বর): ইরানের দক্ষিণাঞ্চলে বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদে রূপ নিয়েছে। একটি প্রীতিভোজ ও বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় শিশুসহ অন্তত পাঁচজন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় সিরিকে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরের দিকে কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে এই বিমান হামলা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিও পাঁচজন নিহত হওয়ার এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হামলায় আহত হয়েছেন আরও ৬৩ জন। সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, আহতদের একটি বড় অংশ নারী ও শিশু—যাদের সংখ্যা প্রায় ৫০ জন। বর্তমানে তাদের মিনাব শহরের স্থানীয় হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই হামলার এক প্রত্যক্ষদর্শী শিশুর লোমহর্ষক বর্ণনা। ওই শিশুর ভাষ্যমতে, বিয়ের মূল আয়োজনস্থলে পৌঁছানোর ঠিক পরপরই বিকট শব্দে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং চারপাশ মুহূর্তেই ধোঁয়া ও ধ্বংসাবশেষে ঢেকে যায়।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে তারা মূলত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, রাডার স্টেশন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে মাইন সংরক্ষণের সক্ষমতা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ওই জলপথে বাণিজ্যিক জলযান ও মার্কিন সেনাদের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সম্ভাব্য হামলার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ