মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ আগস্ট): সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন এবং অনাকাঙ্ক্ষিত সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও জোরালো ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বিবির সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রপ্রধান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
