বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড় প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৩১ আগস্ট): পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছান তিনি।

পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে তাকে নিজের মোবাইল ফোনে ছবি তুলতেও দেখা যায়।

এ ছাড়া সকালে মহানন্দা নদীও পরিদর্শন করেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদানসংক্রান্ত কার্যক্রম ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এর আগে গতকাল রোববার বিকেলে তেঁতুলিয়ায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি জেলা পরিষদের ডাকবাংলোয় রাতযাপন করেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড় এলাকায় স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ