শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০আগস্ট): সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন মো. হাবিবুল গনি।
আজ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হয়েছে।
বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স (এমএসএস) এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা জজ আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিচারালয়ে তার দীর্ঘ পথচলার এক পর্যায়ে ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।
নিজের বর্ণাঢ্য বিচারিক জীবনে তিনি ওয়ার্ল্ড পিস ফোরাম আয়োজিত আইন ও বিচার বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ করেন। পেশাগত দায়িত্ব ও প্রাতিষ্ঠানিক সফরে তিনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং এবং ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
মনোয়ারুল হক/
