আইসিজের মামলায় স্বেচ্ছা তহবিলে অবদান রাখতে ওআইসিকে অনু‌রোধ বাংলা‌দে‌শের

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ আগস্ট): ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার জন্য গঠিত স্বেচ্ছা তহবিলে অর্থসহায়তা দিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২৩তম বিশেষ কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদকে অভিনন্দন জানান হুমায়ুন কবির। তার দায়িত্বকালে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা হিসেবে ওআইসি মুসলিম উম্মাহর স্বার্থ ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বিদায়ী মহাসচিবের অবদানের প্রশংসা করে আশা প্রকাশ করেন, নতুন মহাসচিব তার মেয়াদে পূর্ববর্তী সময়ের প্রাতিষ্ঠানিক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে সংস্থাটিকে আরও এগিয়ে নেবেন।

বক্তব্যে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান চায়, যার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থার আওতায় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং সেটি ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার পরিবেশে সহাবস্থান করবে।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অভিযোগে গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলার জন্য গঠিত স্বেচ্ছা তহবিলে অবদান রাখার আহ্বান জানান।

একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার করার জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (পিজিএ) হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের নির্বাচনে সমর্থন দেওয়ায় ওআইসি সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ