ডেঙ্গু নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ: লার্ভা পেলেই জরিমানা, নামছে মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ জুন) : দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এডিস মশার লার্ভা পাওয়া গেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হবে। আর এই লক্ষ্য বাস্তবায়নে আগামী দুই-তিন দিনের মধ্যেই মাঠে নামছে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাস মেয়াদী একটি বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে নিয়মিত বিরতিতে (প্রতি দুই-তিন দিন পর পর) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে।
এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলন, ‘ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। যার নাম হেমোরোজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে হতে পারে রক্তক্ষরণও। সুতরাং আগে থেকেই সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে।
তিনি বলেন, ‘আমাদের জরিপে এসেছে ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। এছাড়া ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ।’
জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও জানান প্রশাসক আবদুস সালাম।
মনোয়ারুল হক/
