কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৬ জুন) : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই ঘাঁটগুলোকে নিশানা করে মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে, মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করে। একই সঙ্গে তারা ইরানের কিছু কৌশলগত রাডার স্থাপনাতেও হামলা চালায়। মূলত এই ঘটনার পরই ইরান পাল্টা আঘাত হানে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়,”ইরানের ছোঁড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টিকেই আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। আর সপ্তম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। এই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি।”
অন্যদিকে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছিল তেহরান। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ ইরানের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর, দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পরবর্তী আলোচনাগুলো এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি।
কাগজে-কলমে যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও, সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে বেশ কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তেজনার মধ্যেই যুদ্ধ বন্ধের একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পর্দার আড়ালে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ।
মনোয়ারুল হক/
