মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩ জুন) : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ালে ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ইরানি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সতর্কবার্তা দিয়ে বলেছেন, দেশটির ওপর আর কোনো ধরনের মার্কিন সামরিক আগ্রাসন চালানো হলে তার ‘কঠোর ও নির্মম’ জবাব দেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক নীতি-নির্ধারকদের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের নতুন উসকানি বা হামলার বিপরীতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ইরানের ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মুখে পড়তে পারে বলে তারা স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকস্মিক বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তাদের আকাশসীমায় ‘শত্রুভাবাপন্ন ড্রোন বা বিমানের’ অনুপ্রবেশের আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।
অন্যদিকে, কিছুটা স্বস্তির খবর মিলেছে লেবানন সীমান্ত থেকে। লেবাননের পক্ষ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি আংশিক যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়েছে। এই সমঝোতার শর্ত অনুযায়ী, ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে এবং হিজবুল্লাহও ইসরায়েল অভিমুখে পাল্টা হামলা চালানো থেকে বিরত থাকবে। তবে লেবানন দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই আংশিক চুক্তিটি সাময়িক স্বস্তি দিলেও পুরো অঞ্চলের চলমান দীর্ঘমেয়াদি সংঘাতের স্থায়ী কোনো সমাধান নয়।
মনোয়ারুল হক/
