হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০ মে) : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ঢাকায় ৩ শিশু, সিলেটে ২, ময়মনসিংহে ২ ও চট্টগ্রামে ১ মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে দেশে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে ৪৯৩ এবং হাম শনাক্তের পর মারা যায় ৯০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬।
মনোয়ারুল হক/
