দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ মে) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ পুরো দেশবাসীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে, যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদুল আজহার শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

এ সময় তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ