ত্যাগের মহিমায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ মে) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদ উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদের প্রতি কোরবানির আনন্দ গরিব, দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে উল্লেখ করেন, ঈদুল আজহা কেবল মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি মনের ভেতরের পশুত্ব, হিংসা-বিদ্বেষ ও অহংকারকে বিসর্জন দেওয়ার এক মহান মাধ্যম। হযরত ইবরাহিম (আ:) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ:)-এর ত্যাগের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, আল্লাহর প্রতি গভীর ভক্তি, ধৈর্য এবং অবিচল আনুগত্যের যে দৃষ্টান্ত তাঁরা স্থাপন করে গেছেন, তা মানবজাতির জন্য চিরন্তন এক প্রেরণা।
তিনি আরও বলেন, কোরবানির মাংস আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মাঝে সুষম বণ্টনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়, যা অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে। এছাড়া, কোরবানির ঈদ দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি সবাইকে নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং দ্রুত বর্জ্য অপসারণ করে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সচেতন হওয়ার অনুরোধ জানান।
পরিশেষে, ঈদের মূল শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে সততা, উদারতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। হিংসা ও বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান এবং মহান আল্লাহর দরবারে দেশ ও বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মনোয়ারুল হক/
