লেবাননে আবার ইসরায়েলি হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৫ মে) : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। শুক্রবার এ বরাতে আল-জাজিরা খবর প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ‘ডাবল-ট্যাপ’ হামলা চালায়। এতে মুহাম্মদ আহমাদ আবু জেইদ ও জামাল নূর এল-দিন নামে দুই ব্যক্তি নিহত হন। তারা ওই এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে গিয়েছিলেন বলে জানানো হয়েছে।
এনএনএ জানায়, হামলায় নাবাতিয়েহ অ্যাম্বুলেন্স সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সকর্মীরা অক্ষত রয়েছেন।
অন্যদিকে রাতভর হারুফ শহরে চালানো আরেকটি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মনোয়ারুল হক/
