স্মৃতিতে মিয়া ভাই

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ মে) : ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা’—বাংলা চলচ্চিত্রের এ কালজয়ী গানের চিত্র যখন মনে পড়ে, তখন অবলীলায় চোখের সামনে ভেসে ওঠে এক সুদর্শন যুবকের কথা। তিনি নায়ক ফারুক। বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক তিনি। চলচ্চিত্রের মানুষজনের কাছে ফারুক ‘মিয়া ভাই’ নামেও পরিচিত। চার দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।

আজ বরেণ্য এ অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী। আজকের দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তবে তিনি ইহলোকে না থাকলেও বেঁচে আছেন তার অনবদ্য অভিনয় ও কর্মের মধ্যে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রায়ই তাকে স্মরণ করেন নানা পরিস্থিতিতে। তিনি শুধু একজন গুণী অভিনেতা, দর্শকনন্দিত নায়ক কিংবা সংসদ সদস্যই ছিলেন না, এসবের বাইরেও তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং প্রকৃত অর্থে চলচ্চিত্র পরিবারের একজন অভিভাবক। চলচ্চিত্রের নানা সংকটময় পরিস্থিতি তিনি দৃঢ় হাতে সামাল দিতেন।

চলচ্চিত্রের মানুষের আপদে-বিপদে সর্বদা এগিয়ে আসতেন। গ্রামীণ পটভূমিকায় তার অভিনয় এতটাই সাবলীল ছিল যে, একসময় তার ইমেজ গড়ে ওঠে গ্রামের প্রতিবাদী যুবকের। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘তাকে আমরা সবসময়ই স্মরণ করি। সবাই তার জন্য দোয়া করবেন।’

নায়ক ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। তিনি শুধু একজন অভিনেতাই নন, প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার চলচ্চিত্রে অভিষেক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। নায়ক হিসেবে ফারুক আলোচনায় আসেন ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘সুজন সখী ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটির মাধ্যমে। এ দুটি সিনেমাই ব্যবসাসফল ও দর্শকনন্দিত হয়েছিল।

এমনকি সেই বছর ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র লাভ করেন ফারুক। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে ফারুককে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

ব্যক্তিগত জীবনে ফারুক বিয়ে করেন ফারহানা পাঠানকে। ফারিহা তাবাসসুম পাঠান ও রওশন হোসেন নামে তাদের দুই সন্তান রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ