ভূমি খাতে দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশল নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ এপ্রিল) : উপজেলা ভূমি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১টি সুনির্দিষ্ট কৌশল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী জানান, দালালদের প্রভাব কমাতে শতভাগ ই-নামজারি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ এখন এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে। একইসঙ্গে অনলাইন ভূমি উন্নয়ন কর চালুর ফলে কর্মকর্তাদের হাতে নগদ লেনদেন বন্ধ হয়েছে। নাগরিকরা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে অর্থ জমা দিতে পারছেন।

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমি সেবা হটলাইন ১৬১২২ চালুর মাধ্যমে ঘুষ বা হয়রানির অভিযোগ সরাসরি গ্রহণ করা হচ্ছে, যা ২৪ ঘণ্টা চালু রয়েছে। এ ছাড়া ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সঠিক ম্যাপ ও রেকর্ড প্রস্তুত করা হচ্ছে, যাতে জালিয়াতি কমে আসে।

মন্ত্রী আরও জানান, land.gov.bd পোর্টালের মাধ্যমে ঘরে বসেই খতিয়ান দেখা ও পর্চা সংগ্রহ করা যাচ্ছে। কিউআর কোডযুক্ত ডিজিটাল খতিয়ান চালু হওয়ায় তথ্যের স্বচ্ছতা বেড়েছে। পাশাপাশি নাগরিক সেবা কেন্দ্র ও অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থাও চালু করা হয়েছে।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ ও লিজ ব্যবস্থাপনাও শিগগিরই পুরোপুরি সফটওয়্যারের আওতায় আনা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমি খাতে দুর্নীতি প্রায় শূন্যে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ