মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (টাঙ্গাইল), এবিসিনিউজবিডি, (১৪ এপ্রিল) : দেশের অন্যতম প্রখ্যাত রাজনৈতিক নেতা ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানী মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সরকার তার দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকে টাঙ্গাইল থেকেই কৃষকদের জন্য কৃষক কার্ড উদ্বোধন করা হলো।

স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

উল্লেখ্য, মওলানা ভাসানীর মাজারটি টাঙ্গাইলের একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ জিয়ারত করতে আসেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ