অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু: নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ এপ্রিল) : আর্জেন্টিনায় ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে নতুন করে বিচার শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই বিচারটি আগের মামলার এক বছর পর হতে হচ্ছে, যা বিচারকের এক কেলেঙ্কারির কারণে ভেঙে গিয়েছিল।
বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বর মাসে ৬০ বছর বয়সে মারা যান। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার সময় বুয়েনস এইরেসের শহরতলি টিগ্রেতে এক ব্যক্তিগত বাসভবনে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে পানি জমার কারণে তাঁর মৃত্যু ঘটে।
ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত সাত সদস্যের মেডিকেল টিমের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের সময় গুরুতর অবহেলা করা হয়েছিল। বিচারপ্রক্রিয়া শুরুর আড়াই মাস পর ম্যারাডোনার সন্তানসহ বিভিন্ন সাক্ষীদের ঘণ্টার পর ঘণ্টা আবেগঘন সাক্ষ্য গ্রহণের মাঝপথে কার্যক্রমটি থমকে যায়। ২০২৫ সালের মে মাসে বিচারটি বাতিল করা হয়, যখন জানা যায় যে বিচারকদের একজন এই মামলা সম্পর্কিত একটি তথ্যচিত্রে যুক্ত ছিলেন, যা নৈতিক নিয়ম ভঙ্গ করতে পারে। অভিযুক্ত সেই বিচারক জুলিয়েটা মাকিন্তাচকে অভিশংসিত করা হয়।
নতুন এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। সাতজন চিকিৎসাকর্মী, যাঁদের মধ্যে ডাক্তার, মনোবিজ্ঞানী ও নার্স রয়েছেন; তাঁদের বিরুদ্ধে ‘সম্ভাব্য ইচ্ছাকৃত হত্যাকাণ্ড’-এর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
অন্যদিকে আসামিপক্ষের দাবি, মাদক ও অ্যালকোহল আসক্তির সঙ্গে দীর্ঘদিন লড়াই করা ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই তারকার মৃত্যুতে করোনা মহামারির মধ্যেই লাখো আর্জেন্টাইন রাস্তায় নেমে শোক প্রকাশ করেছিলেন। জুলাই পর্যন্ত চলতে পারে এই বহুল আলোচিত বিচার।
মনোয়ারুল হক/
