বোল্টের বিশ্বরেকর্ড ভাঙলেন ১৮ বছরের গাউট

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ এপ্রিল) : সিডনির শীতল বাতাস চিরে ট্র্যাকে ঝড় তুললেন এক তরুণ। নাম তার গাউট গাউট। বয়স মাত্র ১৮ বছর। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেই সঙ্গে গড়লেন অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে তিনিই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দারুণ কীর্তির পর গাউট বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই তাকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে অনেকেই তাকে ‘পরের বোল্ট’ বলছেন।

১৮ বছর বয়সে বোল্ট ছিলেন অ্যাথলেটিকসের বিস্ময়বালক। গাউটও একই বয়সে কিছু ক্ষেত্রে বোল্টের চেয়েও এগিয়ে গেছেন। ২০০৮ সালের অলিম্পিকে বোল্ট ১৯.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। এরপর বোল্ট নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অলিম্পিক স্বর্ণ, বিশ্ব রেকর্ড সবখানেই ছিল তার একচ্ছত্র আধিপত্য। তেমন কিছু করতে হলে গাউটের সামনে এখনো লম্বা পথ বাকি।

আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে এখন গাউটের নজর। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’ তার মূল লক্ষ্য ধারাবাহিকভাবে ২০ সেকেন্ডের নিচে দৌড়ানো। বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। বিশ্বের সেরাদের কারও সঙ্গে তুলনা করলে তার ভালোই লাগে। তবে তিনি নিজের দিকেই মনোযোগ দিতে চান। গাউট বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

২০০৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইপসউইচে গাউটের জন্ম। তার বাবা বোনা ও মা মনিকার আদি নিবাস দক্ষিণ সুদান। দেশে সংঘাতের কারণে ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে তারা মিশর হয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ছোটবেলা থেকেই অ্যাথলেটিকসের সঙ্গে গাউটের সখ্য।

গত দুই বছরে বিশ্ব অ্যাথলেটিকসে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন গাউট। ২০২৪ সালের শেষ দিকে ২০০ মিটারে পিটার নর্ম্যানের ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন তিনি। এরপর ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেকেই শিরোনাম কাড়েন। জাপানে অনুষ্ঠিত ওই ইভেন্টের সেমিফাইনালে উঠেছিলেন এই তরুণ। তবে এ বছরের কমনওয়েলথ গেমসে তিনি অংশ নিচ্ছেন না।

গাউট হয়তো এখনই ট্র্যাকের রাজত্ব পুরোপুরি দখলে নিতে পারেননি। তবে ১৯.৬৭ সেকেন্ডের দৌড় বিশ্ব অ্যাথলেটিকসের ভবিষ্যতের একটি ঝলক দেখাল। এভাবে চলতে থাকলে ২০২৮ সালের অলিম্পিকে তিনিই হবেন অন্যতম আকর্ষণ। ১০০ ও ২০০ মিটারের ট্র্যাকে তাকে অন্যতম ফেভারিট হিসেবেই দেখা যাবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ