বিশ্বকাপের আগে চোটের মিছিলে আর্জেন্টিনা
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ এপ্রিল) : ফিফা ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুশ্চিন্তা যেন ততই বাড়ছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা একের পর এক চোটে পড়ছেন। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে চোটের এই মিছিল আলবিসেলেস্তেদের জন্য বড় ধাক্কা।
আর্জেন্টিনার বাড়তে থাকা চোটের তালিকায় সবশেষ নাম ক্রিশ্চিয়ান রোমেরো। তার আগে চোটে পড়েছেন লাউতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও লিসান্দ্রো মার্টিনেজ। সব মিলিয়ে একের পর এক নেতিবাচক খবরই পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে চোটে পড়েন রোমেরো। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে ব্যথা পান টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।
এদিকে টটেনহ্যামের ম্যাচের আগের দিন নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ভিলার হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত থাকলেও ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় আর খেলা হয়নি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।
অন্যদিকে, পেশির পুরোনো চোট আবার ফিরে এসেছে স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের। সম্প্রতি এই চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু পুরোনো চোট আবার ফিরে এসেছে।
এদিকে প্রায় দুই মাস চোটের কারণে বাইরে থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে ফেরার কথা রয়েছে লিসান্দ্রো মার্টিনেজের। তবে তাকে নিয়ে তাড়াহুড়ো করে কোনো ঝুঁকি নিতে চান না ইউনাইটেড কোচ।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এই মেগা আসর। টুর্নামেন্টের ড্র অনুযায়ী ‘গ্রুপ জে’-তে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের এখন আর দুই মাসও বাকি নেই। আগামী ৩০ মে তারিখের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। এরপর ১৬ জুন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এছাড়া বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপে আছে অস্ট্রিয়া ও জর্ডানও।
মনোয়ারুল হক/
