ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ এপ্রিল) : বিএনপিকর্মী হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও ৪ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এ নিয়ে এই মামলায় দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে নেওয়া হলো।

প্রথম দফায় মঞ্জুর করা তিন দিন রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। তদন্তের স্বার্থে আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মর্মে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আদালতে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। এ মামলার আরও তথ্য বের করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে নাছেরের রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করেন তার আইনজীবী হেলাল উদ্দিন। তিনি শুনানিতে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে একটা পুরস্কার পাওয়া ছাড়া আর কোনো সুবিধা পাননি তিনি। শুধুমাত্র নাম ছাড়া এ মামলায় তার বিরুদ্ধে কিছু নেই। ইতোমধ্যে তিন দিন রিমান্ডে ছিলেন। তদন্তের প্রয়োজনে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

গত ৫ এপ্রিল এ মামলায় তাকে প্রথম দফায় রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, একদফা দাবি আদায়ে ২০২২ সালের ১০ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে, ৭ ডিসেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-কমিশনার হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার অভিযানের নামে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ভাঙচুর চালায়। সেখানে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর তাণ্ডব চালায়। এতে দলের কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন, যা তদন্তাধীন রয়েছে।

গত ৩০ মার্চ সকালে মিরপুর ডিওএইচএস থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালতে হাজির করে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় দিন রিমান্ডে নেওয়া হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ