জুলাই গণ-অভ্যুত্থানে জড়িতদের আইনি সুরক্ষা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩১ মার্চ) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়। বর্তমান সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও আরেক সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল ও সহিংসতা ঘটিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ে। এ সংঘর্ষে কেউ নিহত ও কেউ আহত হন। এই সব ঘটনাকে তিনি ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ পুনর্ব্যক্ত করে বলেন, এই অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদান করা হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি রায় দেওয়া হয়েছে। এই সহযোগীদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।
এ সব বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। ইনশাআল্লাহ, এ দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার সকল ঘটনার বিচার নিশ্চিত করা হবে।
মনোয়ারুল হক/
