‘তোমায় মনে থাকবে আজীবন’, জয়ার আবেগঘন পোস্ট
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ মার্চ) : টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে সহ-অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জয়া আহসান তার পোস্টে রাহুলকে এক ‘অপরিসীম মগ্ন মানুষ’ ও ‘অনন্য শিল্পী’ হিসেবে অভিহিত করে লিখেছেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে জয়া আরও লেখেন, ‘ঝরাপালক’ সিনেমায় প্রথম ও শেষবারের মতো তারা একসঙ্গে কাজ করেছিলেন। সেই সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে রাহুলের অভিনয় জয়াকে মুগ্ধ করেছিল।
জয়া লিখেছেন, ‘জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত যেন তার অন্তরে প্রবাহিত ছিল। শিল্পী হিসেবে তার গভীরতা, আদর্শ ও লেখনী চিরকাল অমলিন থাকবে।’
পোস্টের শেষ অংশে রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সমবেদনা জানিয়ে জয়া লেখেন, ‘প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম। আজকের এই ঝড়ঝাপ্টার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে (রাহুল-প্রিয়াঙ্কার সন্তান)।’
উল্লেখ্য, গত রোববার দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত এই অভিনেতা। সোমবার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, ময়নাতদন্তে রাহুলের ফুসফুস ও শ্বাসনালিতে প্রচুর পরিমাণে বালু ও নোনা পানি পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় পানির নিচে থাকার ফলেই এমনটি ঘটেছে। দেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকায় বিষয়টিকে প্রাথমিকভবে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবেই দেখা হচ্ছে।
রাহুলের এই অকাল প্রয়াণে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনেই শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রিয় অভিনেতার বিদায়ে শোক প্রকাশ করছেন।
মনোয়ারুল হক/
