দুর্নীতিতে জড়ালে চাকরি যাবে, মামলাও হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ), এবিসিনিউজবিডি, (২৭ ফেব্রুয়ারি) : প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ দুর্নীতিতে যুক্ত হলে শুধু চাকরি হারাবেন না, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে কারাগারে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং জনগণের জন্য বরাদ্দ অর্থের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করা হবে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘উন্নয়নমূলক কাজের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। সড়ক বা অবকাঠামো নির্মাণে নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল ও তাকে কালো তালিকাভুক্ত করা হবে। কেউ কমিশন বাণিজ্য বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হলে তা জানাতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।’
ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাজার থেকে শৈলকুপা পর্যন্ত সড়ক নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘নিম্নমানের কাজের সঙ্গে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে তারা কোনো সরকারি কাজ না পায়, সে ব্যবস্থা করা হবে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিতে হবে। কোনো দপ্তর দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে মামলা করা হবে।’
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধর্ষণসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের কোনো সুযোগ দেওয়া হবে না।’
এ সময় বিচারক সংকট, মামলাজট এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা আইনগত কাঠামোর মধ্যে সমাধানের আশ্বাস দেন।
পরে দুপুরে শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠে সংবর্ধনা সভায় যোগদান, বিকেলে বাগ্নি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ এবং সন্ধ্যায় শৈলকুপা দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে বলে জানা গেছে।
মনোয়ারুল হক/
