ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৮ ফেব্রুয়ারি) : ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। ইরানের পূর্ব ও পশ্চিমাঅঞ্চলসহ তেহরানের প্রাণকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি অভিযান শুরু করেছে। যেটিকে তারা প্রতিরোধমূলক হামলা হিসেবে অভিহিত করেছে।
শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, পুরো ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছাকাছি এই হামলাগুলো চালানো হয়েছে। তবে ৮৬ বছর বয়সী এই নেতা সেই সময় তার কার্যালয়ে উপস্থিত ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানে অন্তত তিন থেকে চারটি হামলার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এপির একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি এই হামলায় যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করেছে।
এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার ইসরায়েলের স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে, যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সম্পর্কে জনগণকে সতর্ক করে দেয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুদ্ধ এড়ানোর লক্ষ্যে একটি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইসরায়েলি এই হামলাগুলো সংঘটিত হলো। এমনকি আগামী সপ্তাহেও এই আলোচনা অব্যাহত থাকার কথা ছিল। সূত্র:বিবিসি, আল-জাজিরা
মনোয়ারুল হক/
