আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ ফেব্রুয়ারি) : জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি করেছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আইন অনুযায়ী এখন কেবল হাইকোর্টের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা হবে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বর্তমান ফলাফল ও ভোট ব্যবস্থাপনায় প্রত্যাশার চেয়েও বেশি সন্তুষ্ট।
এর আগে আজ দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা ৩২টি আসনে ভোট গণনায় কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানায়।
এ প্রসঙ্গে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, উনাদের দাবির বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পর কারও কোনো অভিযোগ থাকলে তারা নির্বাচনী ট্রাইব্যুনাল বা হাইকোর্টের শরণাপন্ন হতে পারেন। আদালত যদি নির্দেশ দেন, তবেই কমিশন ভোট পুনর্গণনা করবে।
জোটের পক্ষ থেকে মধ্যরাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশের যে অভিযোগ তোলা হয়েছে, তা নাকচ করে দেন ইসি। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে আমরা চেষ্টা করেছি স্মার্টলি ফলাফল জনগণের কাছে পৌঁছে দিতে। আমাদের মাঠপর্যায়ের টিম ও সচিবালয়ের কর্মীরা দিনরাত পরিশ্রম করে গেজেট প্রস্তুত করেছেন। এটি যথাসময়েই প্রকাশ হয়েছে এবং এখানে তড়িঘড়ির কোনো প্রশ্নই আসে না।
সংসদ সদস্যদের শপথের বিষয়ে তিনি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেই দায়িত্ব পালন করবেন। তবে শপথ কবে হবে, সে বিষয়ে এখনো কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেওয়া হয়নি।
উল্লেখ্য, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এই আইনি জটিলতা তৈরি হয়েছে।
ভোটের স্বচ্ছতা নিয়ে কমিশনার বলেন, নির্বাচনে আমরা ড্রোন, হেলিকপ্টার, বডি ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরা ব্যবহার করেছি। প্রিসাইডিং অফিসারের নিরাপত্তারক্ষীর কাছে সুরক্ষা অ্যাপ ছিল। সবকিছু আয়নার মতো পরিষ্কার। আমরা প্রতিটি তথ্য মনিটর করেছি এবং যেখানেই সমস্যা হয়েছে, তা শতভাগ অ্যাড্রেস করার চেষ্টা করেছি।
শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া নির্বাচনের তফসিল অচিরেই ঘোষণা করা হবে বলে জানান তিনি। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি আসনেই জয়ী হয়েছেন। তিনি কোন আসনটি রাখবেন আর কোনটি ছাড়বেন, সে বিষয়ে কমিশন এখনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। ইসি আনোয়ারুল বলেন, কমিশন এখনো সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। কমিশন সিদ্ধান্ত নিলে আপনারা অচিরেই জানতে পারবেন।
মনোয়ারুল হক/
