হাদির দাফনের প্রস্তুতি চলছে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশের স্থানটি নিহত জুলাই আন্দোলনের ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কবর খোঁড়ার কাজ চলছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে।
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গত শুক্রবার বলা হয়, পরিবারের ইচ্ছে অনুযায়ী ঢাবির জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে।
এর আগে এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে হাদির মরদেহ কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধে প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফনস্থল নির্ধারণ করা হয়।’
এদিকে সকাল ৯টা ৪০ মিনিটে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে তার মরদেহ কঠোর নিরাপত্তায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।
জানা গেছে, হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় হাদির মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তার তিন দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের।
মনোয়ারুল হক/
