প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে: ইসি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব দাখিলে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পরিপত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৪৪গ উদ্ধৃত করে বলা হয়, নির্বাচিত প্রার্থীর নাম সরকারি গেজেটে প্রকাশের পর থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচনি এজেন্টকে ফরম-২২-এ হলফনামাসহ নির্বাচনি ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। যেসব প্রার্থী নির্বাচনি এজেন্ট নিয়োগ করেননি, তাদের ক্ষেত্রে প্রার্থী নিজেই এজেন্ট হিসেবে গণ্য হবেন।
রিটার্নের সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী ফরম-২২ক, ২২খ ও ২২গ অনুযায়ী প্রয়োজনীয় হলফনামাও জমা দিতে হবে। একই সঙ্গে দাখিল করা রিটার্ন ও হলফনামার অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনে বিজয়ী ও পরাজিত—সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী কিংবা যাদের কোনো নির্বাচনি ব্যয় হয়নি, তাদেরও নির্ধারিত ফরমে শূন্য ব্যয়ের হিসাব জমা দিতে হবে।
নির্বাচনি ব্যয়ের হিসাব যথাযথভাবে দাখিল না করলে বা আদেশ লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থী শাস্তিযোগ্য অপরাধে দণ্ডিত হবেন। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
মনোয়ারুল হক/
