আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ ফেব্রুয়ারি) : জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান এ প্রতিশ্রুতি দেন। সন্ধ্যা সোয়া ৭টায় ভাষণটি সম্প্রচার করেছে বিটিভি ও বাংলাদেশ বেতার।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি হবে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক দল, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। গত ১৫-১৬ বছরের স্বৈরাচারী শাসনের পর এখন মূল কাজ হলো ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনর্গঠন করা। ভাষণে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
তারেক রহমান তার ভাষণে চারটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। সেখানে তিনি সংস্কার ও পরিবর্তন, অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার এবং বেকাত্ব ও তারুণ্যের প্রত্যাশাকে গুরুত্ব দেন। তারেক রহমান তার ভাষণে দীর্ঘ দেড় দশক পর মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে জানিয়ে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে ভোটদানকে শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর উপায় হিসেবে উল্লেখ করেন।
দেশবাসীকে কোনো উসকানিতে পা না দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আহ্বান জানান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন যে ৫ আগস্টের আগে যে ধরনের অপশাসন বা সমস্যা ছিল, বিএনপি আর সেই অবস্থায় ফিরে যেতে চায় না এবং অতীতের সহিংসতার অধ্যায় পুনরাবৃত্তি করবে না। তিনি আরও উল্লেখ করেন, কেবল সুন্দর বক্তব্য দিয়ে হাততালি পাওয়া সহজ, কিন্তু দেশ চালানো কঠিন। তাই তিনি ফাঁকা বুলি না দিয়ে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের ওপর জোর দেন।
জাতির উদ্দেশে ভাষণে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সমর্থন পেলে দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। বিএনপি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ব্যক্তি বা দলের চেয়ে রাষ্ট্র বড় হবে। অতীতের ভুল ও ভালো কাজ উভয় থেকেই শিক্ষা নিয়ে বিএনপি একটি জবাবদিহিমূলক ও শক্তিশালী গণতান্ত্রিক বুনিয়াদ গড়তে চায়। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার।’
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তিনি জানান। ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নাগরিক মূল্যায়ন এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
মনোয়ারুল হক/
