দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ সেপ্টেম্বর): আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও বাসযোগ্য দেশ উপহার দিতে দলীয় বা প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে গিয়ে প্রত্যেক নাগরিককে নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে সচিবালয়ে রাজধানী ঢাকাকে ঘিরে থাকা নদ-নদীগুলোর দূষণরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, সংরক্ষণ, নাব্য বৃদ্ধি এবং বৃত্তাকার নৌপথের সামগ্রিক উন্নয়ন নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীসহ এর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনগুলোর দূষণ কমানো, বর্জ্য অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অতীতে গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে শেষ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল সরকারি আদেশের ওপর নির্ভর করে বসে না থেকে নাগরিক দায়িত্ববোধ থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সুসমন্বয় বজায় রাখতে হবে।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল আউয়াল মিন্টু, পরিবেশমন্ত্রী আবদুল মঈন খান, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, তিন সিটি করপোরেশনের প্রশাসক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ