দিল্লিতে হোটেল অগ্নিকাণ্ডে নিহত ২১, আশঙ্কাজনক অবস্থায় ৩ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩ জুন) : ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
দূতাবাস সূত্রে জানা গেছে, হতাহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অগ্নিদগ্ধ এই পাঁচজনের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
বিবৃতিতে হাইকমিশন বলেছে, “আহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
যে তিনজনের অবস্থা গুরুতর তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ দিল্লির বহুতল ভবনটিতে আজ বুধবার (৩ জুন) আগুন লাগে।
যারা ওই ভবনে ছিলেন তাদের বেশিরভাগই বিদেশি। তারা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। তারা ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। অনেকে আবার রোগীর সঙ্গে সেখানে ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
মালভিয়া নগর নামে জায়গায় অবস্থিত ওই ভবনটিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা ছিল। জানা গেছে, সেখানে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। ওই হাসপাতালে যারা দূর-দূরান্ত থেকে চিকিৎসা করাতে যান তারা আগুন লাগা ভবনটিতে থাকতেন।
আগুন লাগার পরপর ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অগ্নিকাণ্ডের সময় সবমিলিয়ে ভবনটিতে কতজন ছিলেন সেটি জানা যায়নি। এছাড়া আগুন কিভাবে লাগল সে কারণও এখনো অজানা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা একে মল্লিক জানিয়েছেন, তারা খুব দ্রুত সময়ে ভবনটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর ভেতরে থাকা হতাহতদের উদ্ধারে অভিযান শুরু হয়।
মনোয়ারুল হক/
