দ্রুত শেষ হবে রামিসা হত্যা মামলার বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুন) : রামিসা হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, এই মামলার আইনি কার্যক্রমে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মোট ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনই আদালতে তাঁদের সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের এই তালিকায় চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন, যা মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সবার মতোই আমাদেরও প্রত্যাশা—খুব অল্প সময়ের মধ্যে এই মামলার বিচারকাজ শেষ হবে। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন যে, মামলাটি বিচারাধীন থাকায় এর খুঁটিনাটি বিষয় নিয়ে সরাসরি মন্তব্য করার সুযোগ না থাকলেও, প্রতিটি শুনানিতে তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে হেফাজতে থাকা অভিযুক্তের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
আদালতের একটি নির্দেশনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের অনুমতি ছাড়া এই মামলার কোনো বিষয় নিয়ে বাইরের কারও সঙ্গে আলোচনা না করার একটি নির্দেশনা রয়েছে।
চূড়ান্ত রায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার চূড়ান্ত রায় কবে হবে বা রায় ঘোষণার সময়সূচি কী হবে—তা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। তবে সরকার আইনি প্রক্রিয়া দ্রুত করতে সব ধরনের সহায়তা বজায় রাখবে।
মনোয়ারুল হক/
