টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলল পিএসজি
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ মে) : ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল লুইস এনরিকের শিষ্যরা।
শনিবার (৩০ মে) বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি।
অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৬ষ্ঠ মিনিটে মারকিনিওসের ক্লিয়ারেন্স লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে কাই হাভার্টজের সামনে চলে আসে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। বল জড়ান জালে। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল।
গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় পিএসজি। উসমান দেম্বেলে, ফাবিয়ান রুইস ও দেজিরে দুয়ের নেতৃত্বে আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা। তবে প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি দলটি।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আসে সেই সুযোগ। খভিচা কাভারাতস্কেলিয়াকে বক্সের ভেতর ফাউল করে বসেন ক্রিশ্চিয়ান মস্কেরা। তাতে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে জাল খুঁজে পান উসমান দেম্বেলে। তাতে ১-১ সমতায় ফেরে পিএসজি।
শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পেয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন হয় পিএসজি।
টাইব্রেকারে গন্সালো রামোস ও গিওকেরেস প্রথম শটেই গোল করেন। পিএসজির হয়ে দ্বিতীয় শটেও সফল দেজিরে দুয়ে। তবে আর্সেনালের এবেরেচি এজে গোলপোস্টের বাইরে দিয়ে বল পাঠিয়ে দেন। তবে পিএসজির নুনো মেন্দেসের শট রুখে দিয়ে আর্সেনালকে ম্যাচে ফেরান গোলকিপার ডেভিড রায়া।
পরে আর্সেনালের ডেকলান রাইস ও গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং পিএসজির আশরাফ হাকিমি-লুকাস বেরালদি যার যার শটে গোলের দেখা পান। শেষ শটে গোল করে ম্যাচে ফেরার সুযোগ ছিল। কিন্তু গ্যাব্রিয়েল মাগালাইস ক্রসবারের ওপর দিয়ে বল মারলে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপসেরা হওয়ার আনন্দে ভাসে পিএসজি।
মনোয়ারুল হক/
