শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩০ মে) : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক নির্মম সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। তৎকালীন সময়ে তাঁর এই আকস্মিক প্রয়াণ পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। ঢাকায় অনুষ্ঠিত তাঁর জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল, যা ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে গণ্য করা হয়।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও ‘জেড ফোর্স’-এর প্রধান হিসেবে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনে তাঁর উদ্যোগ ও দূরদর্শিতা ছিল অনস্বীকার্য। তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
চলতি প্রেক্ষাপট: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি। জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত মোট পাঁচবার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে দলটি।
এই দিবসটি স্মরণে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং বিশেষ পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
আজ ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতির মাজারে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে ওলামা দলের পক্ষ থেকে সেখানে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর প্রতিটি থানাসহ সারা দেশের বিভিন্ন ইউনিটে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া আগামীকাল দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
প্রতি বছরের মতো এবারও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শ্রদ্ধায় দিনটি স্মরণ করছে।
মনোয়ারুল হক/
