হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৭ এপ্রিল) : ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘পুরোপুরি উন্মুক্ত’ ঘোষণা করেছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে দেওয়া পোস্টে জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে যে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে, সেই অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে।

ধারণা করা হচ্ছে, লেবাননের শান্তিপ্রক্রিয়ার অংশ হিসেবেই ইরান এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে।

আরাঘচি তাঁর পোস্টে আরও বলেন, জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ‘পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন’ কর্তৃক ইতিপূর্বে ঘোষিত ও সমন্বিত রুট বা পথটি অনুসরণ করতে হবে।

এর আগে গতকাল লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, ‘আজ ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩টা) থেকে এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, চুক্তি করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই নেতা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ বা সীমিত হয়ে পড়েছিল। এবার লেবানন যুদ্ধের সাময়িক বিরতির প্রেক্ষাপটে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ