সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে ভারত ‘টিপাইমুখ বাঁধ’ চালু করেছিল: সংসদে স্পিকার 

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ এপ্রিল) : বহুল আলোচিত টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের অনুরোধের পর ভারত ওই বাঁধ চালু করেছিল।’

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের বিএনপি সদস্য আবদুল মালিকের সম্পূরক প্রশ্নের জবাবে এ প্রসঙ্গ ওঠে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এবং সিলেট অঞ্চলের পানিসংকট ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

আলোচনায় সংসদ সদস্য আবদুল মালিক সিলেট অঞ্চলের বন্যা ও খরার সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, বরাক নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির কারণে বর্ষায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের অবস্থান ও করণীয় জানতে চান।

জবাবে পরিবেশমন্ত্রী জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেখা হবে এবং উজান থেকে নেমে আসা পানির কারণে সৃষ্ট সমস্যা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার নিজের পানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে উপরের মন্তব্য করেন। তার বক্তব্যে বিষয়টি নিয়ে সংসদে আলোচনার নতুন মাত্রা যোগ হয়। এদিকে অধিবেশন চলাকালে সংসদকক্ষে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলা এবং ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদকক্ষে মোবাইল ফোনের শব্দে বক্তব্যে বিঘ্ন ঘটছে বলে দৃষ্টি আকর্ষণ করলে চিফ হুইপ এ আহ্বান জানান। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, প্রয়োজন হলে কক্ষের বাইরে গিয়ে ফোনে কথা বলতে হবে এবং স্পিকারের সঙ্গে আলোচনার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। সংসদে উভয় বিষয়ে আলোচনার মধ্য দিয়ে পরিবেশ, আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং সংসদীয় শৃঙ্খলা–এই তিনটি বিষয়ই গুরুত্ব পায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ