রমনার বটমূলে বর্ষবরণ ছায়ানটের
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ এপ্রিল) : রাজধানীর রমনার বটমূলে সূর্যোদয়ের পর শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার ভোর সোয়া ৬টায় রমনার বটমূলে সূচনা হয় এ ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠানের।
এবারের বার্তা, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ সেখানেই বাঙালির জয়। ছায়ানটের ৫৯তম অনুষ্ঠান সাজানো হয়েছে সকালের স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি লোক জনজীবনের সুর দিয়ে।
সব মিলিয়ে বাঙালি সমাজকে বিগত বছরের সব ‘প্রতিকূলতা, আবর্জনা’ দূর করে নতুন বছরে ‘আরো মানবমুখী’ হওয়ার প্রত্যয়। এদিন আজন্ম বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে নিয়োজিত ছায়ানটের এবারের আহ্বান, ‘আমরা নির্বিঘ্নে সংস্কৃতি চর্চা করতে চাই’।
নতুন বছরকে বরণ করতে আয়োজনের কমতি নেই রমনার বটমূলে। বাঙালি সংস্কৃতিকে লালন করে ঐতিহ্যগতভাবে বর্ষবরণের আয়োজন করে আসছে ছায়ানট।
