চাকরি পুনর্বহালের পর এবার কোহিনূর মিয়ার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ এপ্রিল) : দেড় দশক পর পুলিশের সাবেক কর্মকর্তা মো. কোহিনূর মিয়ার ক্ষেত্রে বড় প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। বরখাস্ত হওয়া এই কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে উন্নীত করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
একই সঙ্গে তার বরখাস্তের আদেশ বাতিল করে ওই সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে বিধি অনুযায়ী তিনি বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
গত ৯ মার্চ কোহিনূর মিয়ার বরখাস্তকালকে চাকরির অংশ হিসেবে বিবেচনার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তার গুরুদণ্ড বাতিল করে পুনর্বহাল ও পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুটি বিভাগীয় মামলায় তাকে বরখাস্ত করা হলেও একই অভিযোগে হওয়া ফৌজদারি মামলায় আদালত তাকে খালাস দেন। পরবর্তী সময় রাষ্ট্রপতির কাছে করা পুনর্বিবেচনার আবেদন গৃহীত হওয়ায় তার দণ্ড বাতিল করা হয়।
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-পশ্চিম) থাকা অবস্থায় কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সে সময় তার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগ দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালতে প্রমাণিত হয়নি।
এর আগে ২০০৬ সালে ধানমন্ডিতে এক নারীকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলা তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের অভাবে খারিজ হয়। একইভাবে ২০০৪ সালে ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনি সহিংসতার মামলাতেও আদালত তাকে খালাস দেন।
বিসিএস ১২তম ব্যাচের এই কর্মকর্তা ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা। একজন চৌকষ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুনাম ছিল। বিশেষ করে তৎকালীন সময়ের শীর্ষ সন্ত্রাসী আটক ও মাদকবিরোধী অভিযানে তিনি সফলতা দেখান।
মনোয়ারুল হক/
