ইরান চুক্তি করুক বা না করুক ‘জয় আমাদেরই’: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১২ এপ্রিল) : ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে এক মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান শেষ পর্যন্ত কোনো চুক্তিতে সই করুক বা না করুক, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ‘জয়ী’ হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ফলাফল যা-ই হোক না কেন, জয় আমাদেরই। আমরা ওই দেশটিকে পুরোপুরি পরাজিত করেছি। ইরানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি আরও যোগ করেন, এখন দেখা যাক কী হয়। তারা চুক্তি করতেও পারে, আবার না-ও করতে পারে। তবে আমেরিকার অবস্থান থেকে এটি কোনো বড় বিষয় নয়, কারণ আমরা সব দিক থেকেই জয়ী হয়েছি।
ট্রাম্পের এমন কঠোর ও আত্মবিশ্বাসী মন্তব্য এমন একসময়ে এলো যখন পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিরা একটি অভিন্ন কাঠামো তৈরির লক্ষ্যে জটিল আলোচনা চালিয়ে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুক্তির চূড়ান্ত পর্যায়ের আগে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখতেই ট্রাম্প এই কৌশলগত অবস্থান নিয়েছেন।
সূত্র: আল জাজিরা, সিএনএন
মনোয়ারুল হক/
