ঘরে বসে পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (রাজশাহী), এবিসিনিউজবিডি, (১১ এপ্রিল) : প্রযুক্তির এই যুগে ঘরে বসেই যখন পুরো পৃথিবী দেখা সম্ভব, তখন শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রও পর্যবেক্ষণ করা সম্ভব। এ লক্ষ্যেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা অনুষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল কলেজ-এর ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে। এতে রাজশাহী অঞ্চলের শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকল বন্ধে সরকারের সদিচ্ছা এবং শিক্ষকদের সহযোগিতাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। “আমি বিদেশ থেকে শিক্ষক এনে নকল বন্ধ করিনি, আপনাদের মাধ্যমেই করেছি,” উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ থাকলে শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার করা সম্ভব।

সিসি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, এটি শুধু পরীক্ষা পর্যবেক্ষণের জন্য নয়; বরং শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদান এবং মনোযোগ নিশ্চিত করার জন্যও ব্যবহৃত হবে। “পলিটেকনিকে শিক্ষার্থীরা বলছে ক্লাস হয় না, আবার শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা আসে না—এই দ্বন্দ্ব দূর করতে মনিটরিং দরকার। ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে সবকিছু রেকর্ড থাকবে, আমরা তা দেখে মূল্যায়ন করতে পারব,” বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ঢাকায় বা রাজশাহীতে বসেই আমরা জানতে পারব ক্লাস হচ্ছে কি না, শিক্ষক ঠিকমতো পড়াচ্ছেন কি না, শিক্ষার্থীরা মনোযোগী কি না। পরীক্ষার হলও এর আওতায় থাকবে।’

এ বিষয়ে ভুল ব্যাখ্যা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের জন্য নয়, বরং শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য।

শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে এ খাতে বরাদ্দ বাড়াতে চায়। “প্রধানমন্ত্রী শিক্ষায় পাঁচ শতাংশ বরাদ্দের কথা বলেছেন, যা একটি বড় অঙ্ক। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় বরাদ্দকৃত অর্থ পুরোপুরি ব্যয় করা যায় না। তাই পরিকল্পিতভাবে ধাপে ধাপে বাজেট বাড়ানো হবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী। সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।

এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও মতামত সরাসরি শোনেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ