নতুন সরকারের প্রথম একনেক সভা আজ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ এপ্রিল) : দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন সরকার গঠনের পর এটিই হবে একনেকের প্রথম বৈঠক। এই সভায় প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে মৌলিক কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশেষ করে বিলাসী বা কম গুরুত্বপূর্ণ প্রকল্পের চেয়ে চলমান কাজগুলো দ্রুত শেষ করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রায় দুই দশক পর বিএনপি সরকারের নেতৃত্বে বসতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। এর আগে ২০০৬ সালে বিএনপি সরকারের নেতৃত্বে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়। আর নতুন মেয়াদে বিএনপি সরকারের প্রথম একনেক সভায় অনুমোদনের জন্য উঠছে ১৯টি উন্নয়ন প্রকল্প। এরই মধ্যে প্রকল্পগুলো যাচাই-বাছাই করে একনেক সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ সোমবার অনুষ্ঠিত হবে বর্তমান বিএনপি সরকারের প্রথম এবং চলতি অর্থবছরের নবম একনেক সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। ওই সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে প্রকল্পগুলো যাচাই-বাছাই শেষে একনেক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একনেক সভায় উত্থাপনের জন্য তালিকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৭টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আটটি নতুন এবং বাকি ৯টি সংশোধিত ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প। এ ছাড়া একনেক সভার টেবিলে সরাসরি উপস্থাপন করা হবে আরও দুটি প্রকল্প। এগুলোর মধ্যে একটি নতুন, আরেকটি সংশোধিত। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫ হাজার কোটি টাকা।
মনোয়ারুল হক/
