আলোর মুখ দেখছে ‘মাসুদ রানা’!
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ এপ্রিল) : নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আসছে ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রত্যাশিত সিনেমা মাসুদ রানা। সিনেমার প্রযোজক আব্দুল আজিজ এমন ঘোষণা দিয়ে জানিয়েছেন, চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে এর ট্রেলার। প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে ঘিরে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেন জীবদ্দশায় নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করে গিয়েছিলেন। গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলতে কোনো ধরনের কমতি রাখা হয়নি এবং এটি জাজের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট।
প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন আটকে ছিল। তবে সম্প্রতি সেই জট কাটিয়ে আবার শুরু হয়েছে শুটিং। এখন শুধু এক দিনের শুটিং বাকি, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করা হচ্ছে।
নির্মাতারা জানিয়েছেন, দৃশ্যধারণ শেষ হলেই দ্রুত সম্পাদনা, ডাবিংসহ সব কাজ সম্পন্ন করে এই মাসের মধ্যেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে। এই সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে, যিনি এ ছবিতে অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।
মনোয়ারুল হক/
