মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ মার্চ) : এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডা. রফিক জানান, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

ডা. রফিক আরও জানান, মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ