মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ ফেব্রুয়ারি) : মব কালচার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ কেউ এই সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ফায়দা নিতে চান। পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতরে থেকে শক্তি প্রয়োগ করবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে না।

আইজিপি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যে অভিযোগ আছে, তা আইনশৃঙ্খলার ভেতরে থেকেই উত্থাপন করুন, প্রয়োজনে আলোচনার টেবিলে বসুন। মব কালচার থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান আইজিপি।

ঈদকেন্দ্রিক নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, আসন্ন ঈদে নগরবাসী যাতে ছিনতাইকারীর কবলে না পড়েন, ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে কেনাকাটা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, এখন থেকে মাঝেমধ্যে রাতের বেলায় তিনি নিজেও মাঠে থাকবেন।

আইজিপি বলেন, ‘আমি রাস্তায় থাকলে আমার ফোর্সও সক্রিয় থাকবে। তারা তখন আরও দৃঢ়ভাবে আইন প্রয়োগ করতে পারবে।’

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ