ভারত-পাকিস্তান ম্যাচের আগে টিকিট যেন সোনার হরিণ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ ফেব্রুয়ারি) : ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে বরাবরই উত্তেজনার পারদ থাকে আকাশচুম্বী। তবে রাজনৈতিক ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা পড়েছিল। কয়েক দফা আলোচনার পর অবশেষে সেই মেঘ সরে গেছে; মাঠে গড়ানোর অপেক্ষায় দর্শকপ্রিয় ম্যাচটি। তাতে আকাশচুম্বী চাহিদা বেড়েছে টিকিট এবং হোটেল ভাড়ার।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রোববারের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার। আগেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় ম্যাচ নিয়ে আগ্রহীদের টিকিট কিনতে হচ্ছে কালোবাজারিদের কাছ থেকে, অন্তত চার গুণ বেশি দাম দিয়ে। সেই সঙ্গে বেড়েছে ফ্লাইট ভাড়াও। দিল্লি, চেন্নাই, করাচি, লাহোর, ইসলামাবাদ থেকে কলম্বোর বিমানের টিকিট কিনতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি অর্থ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। অষ্টম দিনে মাঠে গড়াবে ভক্তদের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে। তার আগে টিকিট এবং হোটেল ভাড়ার বিশাল চাহিদাই বলে দিচ্ছে দুই দলের ম্যাচের আকর্ষণ কতটা বেশি ভক্তদের কাছে।

এক যুগের বেশি সময় ধরে কেবল আইসিসি এবং এসিসির টুর্নামেন্টে এই দুই দলের লড়াই হয় বলেই দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ বেশি। ভারত-পাকিস্তান ম্যাচে আগের মতো হাড্ডাহাড্ডি লড়াই নেই। এই দুই দলের ম্যাচ মানেই যেন এখন ভারতের আধিপত্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আট দেখার সাতটিতেই জিতেছে দলটি। এরপরও ভক্তদের আগ্রহের কমতি নেই বিন্দুমাত্র।

আইসিসির কাছেও ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব অনেক বেশি। এই ম্যাচ থেকে অন্যান্য যেকোনো ম্যাচের চেয়ে দ্বিগুণ কিংবা তার বেশি আয় করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তাই তো পাকিস্তান বেঁকে বসায় চিন্তায় পড়ে গিয়েছিল আইসিসি। বিশাল অঙ্কের ক্ষতির হাত থেকে বাঁচতে দফায় দফায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার ত্রিপক্ষীয় বৈঠকে আলোচিত ইস্যুতে সমাধান এসেছে। বাংলাদেশকে নিয়ে পিসিবির উত্থাপিত দাবি মেনে নেওয়ায় ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার। তাতে আইসিসি যেমন হাঁপ ছেড়ে বেঁচেছে, তেমনি দারুণ এক লড়াই উপভোগ করার অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ