জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য যতগুলো আসন দরকার, বিএনপি তা পাবে বলেও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। দুপুর ১টার পর গুলশানে দলীয় কার্যালয়ে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এক প্রশ্নে তারেক রহমান বলেন, ‘জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট (আত্মবিশ্বাসী), আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী জয়ের ব্যাপারে।’ কয়টি আসনে জয় প্রত্যাশা করছেন, এই বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা এতটুকু আসন অবশ্যই প্রত্যাশা করছি, যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব।’
এরপর একজন সাংবাদিক প্রশ্ন করেন জাতীয় সরকার বা এ ধরনের কিছু হবে কি না? জবাবে তারেক রহমান বলেন, ‘যে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সকলকে নিয়ে একসঙ্গে দেশ পরিচালনা করতে।
ভোটের দিন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমি মোবাইলের মাধ্যমে বিভিন্ন খবরগুলো দেখছিলাম। আপনাদের খবরেই দেখলাম, বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না যে, এসব ঘটনা ঘটুক।’
যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে দাবি করে তারেক রহমান বলেন, ‘যারা এ সব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ, ঘটনাগুলো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার চেষ্টা করছে। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে।’
তারেক রহমান বলেন, ‘এই দেশের মালিক হচ্ছে মানুষ। তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে।’
ফল ঘোষণা নিয়ে এক প্রশ্নে তারেক রহমান বলেন, ‘সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়ে এসেছে, তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে, নির্বাচন কমিশন চেষ্টা করবে—যাতে দেশের মানুষ দ্রুত ভোট প্রদানের ফল জানবে।’
ফল ঘোষণার সময়সীমার বিষয়ে কোনো প্রত্যাশা আছে কি না—সেই প্রশ্নে তারেক রহমান বলেন, ‘আমরা একানব্বই সালে নির্বাচন দেখেছি, ছিয়ানব্বই সালে দেখেছি, ২০০১ সালে নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি সাধারণ টাইমফ্রেম (সময়সীমা) তো আছে। আমরা প্রত্যাশা করব যে সেই সময়সীমার মধ্যেই জনগণ ফল জানতে পারবে।’
এর আগে সকাল সাড়ে ৯টায় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভোট দিতে যান তারেক রহমান। ভোটাধিকার প্রয়োগের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা প্রত্যাশা করব যাতে আমরা সকলে মিলে যাতে নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি, বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।’
সে সময় ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমি এখনো বলতে পারব না। সারা দেশের খবর এখনো আমি পাইনি। গতকাল রাতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেটা কঠোর হস্তে দমন করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে ঘর থেকে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করে যেকোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
ভোট দেওয়ার পর কিছু সময়ের জন্য গুলশানের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বের হয়ে সাত তলা বস্তি, কড়াইল, আদমজী, ভাসানটেক, মিরপুর ১৪, ঢাকা-১০, টেকনিক্যাল, ধানমন্ডি, কারওয়ান বাজার, কাকলি, বনানী হয়ে গুলশানর কার্যালয়ে আসেন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে ভোট কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রের বাইরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন, ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।
মনোয়ারুল হক/
