নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ ফেব্রুয়ারি) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘এবার রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে, যাতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়।’

তিনি বলেন, ‘দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা ঈমান, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও সুচারুভাবে পালন করবেন। নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে।’

প্রথমবারের মতো সারা দেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা শরীরের সঙ্গে সংযুক্ত ক্যামেরা (বডি ক্যাম) ব্যবহার করছেন। পাশাপাশি নজরদারিতে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো-ভোটাররা যেন নির্ভয়ে, নিশ্চিন্তে ও মর্যাদার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার কিছু ‘ঐতিহাসিক’ পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারছেন।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরের নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে, যেন কেউ বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে গুজব ছড়ানোও সহ্য করা হবে না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটাধিকার কারও দয়া নয়; এটি সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই নাগরিকরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ