বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে, অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ ফেব্রুয়ারি) : ভোটার স্থানান্তর প্রসঙ্গে অভিযোগ তুলেছে বিএনপি। তারা বলছে, ঢাকাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার মাইগ্রেশন হয়েছে। ইসি জানিয়েছে, কোনো আসনেই দুই-তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিএনপি।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘এমন অভিযোগ পাওয়া গেছে যেখানে একটি হোল্ডিং নম্বরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভোটার তালিকাভুক্ত রয়েছে, যা ভুয়া ভোটার বা পরিকল্পিত ভোটার স্থানান্তরের ইঙ্গিত দেয়।’

এ ছাড়া, কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজ নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থান করে প্রচারণা ও কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি। ভোটের দুই দিন আগে এসব বহিরাগতদের নিজ এলাকায় ফেরাতে ইসির হস্তক্ষেপ চেয়েছে দলটি।

দেশীয় পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির দাবি, বিপুল সংখ্যক স্থানীয় পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অনেকেই অপরিচিত। বিএনপি মনে করে, কেবল যোগ্য ও বিশ্বাসযোগ্য পর্যবেক্ষকদেরই দায়িত্ব দেওয়া উচিত।

এদিকে জামায়াতে ইসলামী ভোটারদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে এবং মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নির্বাচনে ভোট চাইছে-এমন অভিযোগ করে ইসির কাছে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির দাবি, এটি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও এ বিষয়ে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি ইসি।

নজরুল ইসলাম খান বলেন, “কিছু দল ভোট চাইতে গিয়ে ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করছে। ‘কবরের চতুর্থ প্রশ্ন’ সংক্রান্ত বক্তব্যের মাধ্যমে মানুষের আবেগ ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলছে একটি দল। এটি আরপিও ও নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। কিন্তু এ বিষয়ে ইসি দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

বৈঠকে বিএনপি নির্বাচনি কাজে বিএনসিসির (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ছাত্রদের যুক্ত না করার পরামর্শ দিয়েছে। নজরুল ইসলাম খান বলেন, ‘জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনসিসির শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে প্রতিষ্ঠানটি বিতর্কিত হতে পারে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যেসব বাহিনীর নাম রয়েছে, কেবল সেসব বাহিনীকেই যেন নির্বাচনি দায়িত্বে রাখা হয়-এ দাবি জানিয়েছে বিএনপি।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জাকারিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জাবিউল্লাহ।

এদিকে, একই দিন বিকেলে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলটি নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারীদের ওপর সহিংসতা ও হয়রানির অভিযোগ তুলে ধরে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ