তথ্যমন্ত্রীসহ ২৫ জনকে হত্যার হুমকি

inuমেহদী আজাদ মাসুম, এবিসিনিউজবিডি,
ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম-১৩’র প্যাডে লেখা এই হত্যার হুমকি দেওয়া পত্রটি আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  আ আ ম স আরেফিন সিদ্দিকর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী এবিসিনিউজবিডিকে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়।’ তবে কে বা কারা এই চিঠি দিয়ে গেছে, তা তিনি বলতে পারেননি। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, এর আগে আরও দুবার উপাচার্যকে আনসারুল্লাহ বাংলা টিম-১৩-এর প্যাডে হত্যার হুমকি সংবলিত চিঠি দেওয়া হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ ধরনের ঘটনা বারবার হওয়াটা উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

হত্যার হুমকি দেওয়া চিঠিতে যাদের নাম রয়েছে, তারা হলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নুর, সাংবাদিক আবেদ খান, মুন্নী সাহা, অঞ্জন রায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার, মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী , গণজাগরণ মঞ্চের আরেক অংশের প্রতিনিধি কামাল পাশা চৌধুরী, টেলিভিশন উপস্থাপক নবনীতা চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, আকলিমা সুলতানা, এস এম শাহীন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ এ আরাফাত ও সঙ্গীতা ইমাম।

গত ২৫ মে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১৩’কে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ