ভাইয়ের হাতে ভাই খুন

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, শেরপুরঃ শেরপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার বড় ভাইকে কুপিয়ে খুন করেছেন।

শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান আলী জানান, বুধবার রাতের দিকে রৌহা চরপাড়া গ্রামের এ ঘটনায় খুনিকে আলামতসহ আটক করা হয়েছে।

নিহতের নাম- কাশেম আলী (৫৫)। তার হত্যাকারী ছোট ভাইয়ের নাম সোহরাব আলী (৫০)।

আব্দুল জব্বারের দুই ছেলে কাশেম ও সোহরাবের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক ও জমি সংক্রান্ত ছাড়াও নানা বিষয় নিয়ে বিরোধ ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহজাহান এবিসি নিউজ বিডিকে বলেন, রাতের বেলা কাশেম তাদের বাড়ির কাছে রাস্তার পাশে একটি দোকানের সামনে  বসেছিলেন। এ সময় তার ছোট ভাই সোহরাব বটি দিয়ে কাশেমের গলায়, হাতে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে।

আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই কাশেম মারা যায়। পরে স্থানীয়রা সোহরাবকে আটক করে পুলিশে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য লাশটি বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ