আমেরিকান বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপ পেলেন নোয়াখালীর যুবক
নোয়াখালী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৮ সেপ্টেম্বর): প্রযুক্তির অসাধারণ ব্যবহার ও উদ্ভাবনী প্রতিভার জোরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘University of the People’ (UoPeople)-তে কম্পিউটার সায়েন্স বিভাগে ১০০ শতাংশ স্কলারশিপ অর্জন করেছেন নোয়াখালীর চাটখিলের কৃতি সন্তান ও অ্যাপ ডেভেলপার আব্দুল্লাহ আল মামুন। সম্পূর্ণ নিজস্ব মেধা ও উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করতে একাধিক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে তিনি এর আগে টানা দুই বছর সরকারি প্রযুক্তি প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
তার এই আন্তর্জাতিক অর্জনকে বেগবান করতে এবং উচ্চশিক্ষার পথ সুগম করতে চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মামুনের হাতে একটি নতুন ল্যাপটপ তুলে দেন।
ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে ইউএনও বলেন, মফস্বল এলাকা থেকে উঠে এসে মামুনের এই প্রযুক্তিগত উদ্ভাবন ডিজিটাল বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা। বর্তমান সরকার সর্বদা এমন মেধাবী তরুণদের মূল্যায়ন করে থাকে এবং এই ল্যাপটপ তার বিশ্বমঞ্চের পড়াশোনার যাত্রাকে আরও অনেকদূর এগিয়ে নেবে।
এর আগে শিক্ষার্থীদের পড়াশোনা সহজ করতে ‘সহজ পাঠ’ নামের একটি অ্যাপ তৈরি করে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিলেন মামুন। এরই ধারাবাহিকতায়, পরবর্তী বছর শিক্ষার্থীদের দৈনন্দিন পড়াশোনা ট্র্যাক ও মনিটরিংয়ের জন্য সম্পূর্ণ একক প্রচেষ্টায় ‘StudyoS’ (Student Study Tracker) নামের একটি আধুনিক অ্যাপ্লিকেশন তৈরি করে তিনি উপজেলা পর্যায়ে আবারও প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে ‘StudyoS’ অ্যাপটি (studyosbd.netlify.app) লাইভ রয়েছে এবং শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এটি ব্যবহার করতে পারছেন।
নিজের এই অর্জনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন জানান, আমেরিকার এই বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্কলারশিপ পাওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ল্যাপটপ উপহার পাওয়া তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তিনি এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান এবং দেশের আইসিটি খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বদ্ধপরিকর।
মনোয়ারুল হক/
